সোশ্যাল মিডিয়ার আইকন জিতলেন দেড় লাখ ভোটে

৭ জানুয়ারি, ২০২৪ ২২:২৯  

দ্বাদশ সংসদীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ১ লাখ ৫১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সোশ্যাল মিডিয়ার আইকন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হবিগঞ্জের চুনারুঘাট-মাধবপুরে নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে হারিয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী এই প্রতিবাদী প্রার্থী। এই নির্বাচনী এলাকায় ৪৩ বছর পর নৌকাকে হারিয়ে তিনি ইতিহাস রচনা করেছেন।

চুনারুঘাট- মাধবপুরের ১৭৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ব্যারিস্টার সুমন ২ লাখ ৩৭ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মাহবুব আলী ৬৯ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। ব্যারিস্টার সুমন ৯৯ হাজার ১৩৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। এ আসনে চরমভাবে ভরাডুবি হয়েছে এডভোকেট মাহবুব আলীর।

ব্যারিস্টার সুমন চুনারুঘাটে ৯৭ হাজার ৭৯৫ ভোট এবং মাহববু আলী ২৪ হাজার ৮৯০ ভোট পান।   

ক্রীড়ামোদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সোস্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ। নির্বাচনে দাঁড়ানোর পর তাকে ফুটবল মন্ত্রী করার একটি মিমও ভাইরাল হয়। তিনি চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় নানা সামাজিক কাজ করে আলোচনায় আসেন। চুনারুঘাটে ৪৯টি ব্রীজ করে সবার নজর কাড়েন। এছাড়া ফুটবল একাডেমি করে খেলোয়াড় তৈরি করে আলোচনায় আসেন। তিনি চুনারুঘাট ও মাধবপুরের সাধারণ মানুষের বিপদে এগিয়ে আসতেন। ঘর তৈরী করে এবং আর্থিক সহযোগিতার কারণেই তিনি মানুষের মন জয়ে করেন। পাশাপাশি তিনি দুই উপজেলায় রাজশাহীর প্রায় ৩৫ হাজার আমের চারা বিতরণ করেন। এর বাইরে তিনি ফুটবল নিয়ে সারা দেশে আলোচিত ছিলেন। ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকাকে হারিয়ে বিজয়ী হন।